রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর খিয়ারপাড়া গ্রামের তাপস সরকার। লেখাপড়ার পাশাপাশি কাজ করেন ক্ষেতে-খামারে। বাবা পুতুল চন্দ্র সরকার, আগে রংপুর শহরে ভাড়ায় রিকশা চালাতেন, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন শয্যাশায়ী। মা মালতী রানী অন্যের বাড়িতে কাজ করেই কোনোমতে সংসার চালান।
পারিবারিক দৈন্যদশা ও দারিদ্র্যতা জয় করে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ২৯তম স্থান অধিকার করেন তাপস। কিন্তু ভর্তির সুযোগ পেলেও কপালে চিন্তার ভাঁজ। আগামী ৫ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি-না, সে বিষয়ে দুশ্চিন্তায় ছিলেন তাপস ও তার পরিবার।
সুযোগ পেয়েও টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা-না পারার দুশ্চিন্তায় থাকা তাপসের এ অবস্থা দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখতে পান রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। বিষয়টি দৃষ্টিগোচরে এলে তাপসের ভর্তি ও পড়াশোনার সকল দায়িত্ব নেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভর্তি বাবদ তাপস সরকারকে নগদ পনের হজার টাকা প্রদান করেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এছাড়াও তিনি তাপসের পড়ালেখার সকল দায়িত্ব নেন।
পুলিশ সুপার বিপ্লব সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাপস বলেন, ‘আমার পরিবারের সামর্থ্য ছিলো না আমাকে ভর্তি করানোর। আমি অনেক খুশি।’
তাপস সরকার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বড়গোলা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হন। ২০১৮ সালে তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পান জিপিএ-৪.৮৩।