নারায়ণগঞ্জে ডাক্তারের বিরুদ্ধে টনসিল অস্ত্রোপচার করতে গিয়ে এক শিশুর দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডাক্তারের নাম মো. আসাদুর রহমান। তিনি ওই হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট। ভুক্তভোগী আবু সালেহ ওই এলাকার দিদার হোসেনের ছেলে।
শনিবার(২৮ ডিসেম্বর) রাতে আমলাপাড়া মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রাইভেট) লিমিটেডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ মডেল থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রের তথ্যানুযায়ী, মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রাইভেট) লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আসাদুর রহমান অভিযোগকারীর ছেলে আবু সালেহের গলার টনসিলের অস্ত্রোপচার করেন। ওই সময় ডাক্তার ওই শিশুর নিচের চোয়ালের দুটি দাঁত ফেলে দেন।
ভুক্তভোগীর বাবা দিদার হোসেন বলেন, আমি বুঝলাম না, দাঁতের সঙ্গে টনসিলের কি সম্পর্ক? টনসিলের অস্ত্রোপচারে কেন দাঁত ফেলতে হবে? ডাক্তারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি খারাপ ব্যবহার করেন। বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি। এছাড়া এ ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হব।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ডাক্তারের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।