ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা

মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পুরানবাজার এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মী জড়ো হয়। এ সময় ছাত্রদলের সভাপতি শাহীন মৃধার নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। এ সময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা বলেন, আমরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছিলাম। এতে পুলিশ বাধা দিয়েছে। ফলে স্বাধীনভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজন বাস্তবায়ন করতে পারেনি।