স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের কনিষ্ঠ সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্মদিন আজ। মুক্তিযুদ্ধে আগ মুহূর্তে অস্থির, অশান্ত সময়ে ১৯৭০ সালের এই দিনে তিনি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শনিবার (০৫ জানুয়ারি) তিনি ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তরা স্ট্যাটাস দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাকে জেলের ভেতর হত্যা করা হয়। তাদের মধ্যে সোহেল তাজের বাবা তাজউদ্দীন আহমদ অন্যতম।
সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ।
সোহেল তাজের মা সৈয়দা জোহরা তাজউদ্দীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ৪ ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট। বড় বোনে শারমিন আহমদ রিপি, মেজো বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট বোন মাহজাবিন আহমদ মিমি।
তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে “ও” লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রি ও ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
সোহেল তাজ ১৮ জুলাই ২০১৯ তারিখে বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান ‘হটলাইন কমান্ডো’ করার চুক্তিবদ্ধ হন। এ অনুষ্ঠানটি ১২ পর্বে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে সম্প্রচার হচ্ছে।