ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরভবনের দরজা নাগরিকদের জন্য খোলা থাকবে: তাপস

নগরের যেকোনো সমস্যা নিয়ে মেয়রের কাছে যেতে নাগরিকের জন্য নগর ভবনের দরজা সব সময় খোলা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে ওলামা-মাশায়েখ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ‘শেখ ফজলে নূর তাপস’ এর মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ তরিকত ফেডারেশন।

শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত হলে পাঁচ বছরের পুরো সময় ঢাকাবাসীর জন্য নিবেদিত থাকবো। নগর ভবনের দরজা শুধু জাতীয় নেতাদের জন্য নয়, শুধু মন্ত্রী এবং সংসদ সদস্যদের জন্য খোলা থাকবে না, ঢাকাবাসীর সকল নাগরিকের জন্য খোলা থাকবে।

তিনি বলেন, এই শহর একটি অপরিকল্পিত নগরী। বায়ু দুষণসহ বিভিন্নভাবে এই শহর ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে। আমি মনে করেছি একটু দায়িত্ব নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে এবং একটি নিজের মনে কাছে নিজে প্রশ্ন করেছি একটু চেষ্টা করে দেখি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাকে এক সময় বলা হতো সিটি অব মস্ক। অর্থাৎ মসজিদের শহর। কিন্তু ঢাকা এখন এমন হয়ে গেছে সেই মসজিদের সৌন্দর্য স্বকীয়তা নেই। মসজিদ আছে কিন্তু চোখে পড়ার মতো না। সব জায়গায় এমনভাবে অপরিকল্পিতভাবে করেছে যে, অনুভূতি জাগ্রত করার বিষয় আর নেই। দ্বীন ও ইসলামকে জাগ্রত করার যে বিষয়টা সেটা থেকে আমরা সরে যাচ্ছি।

‘সেই জায়গায় আমরা মনে করি আমাদের শুরু করতে হবে। একটা নবসূচনা আমরা যদি শুরু করি, আমাদের প্রিয় নেত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালে একটি উন্নত দেশ হবে। সেই উন্নত দেশের একটি উন্নত রাজধানী প্রয়োজন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ঢাকার অভিভাকত্ব নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘অনুভূতি জাগ্রত করতে হবে যে, এটা আমাদের ঢাকা। আমরা উন্নত করবো। উন্নত ঢাকা হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরবো।’

এ সময় তার পরিকল্পনার কথা জানাতে গিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকায় পর্যাপ্ত খেলার মাঠ ও উন্মুক্ত স্থান করবো। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নগরবিদদের নিয়ে বসে একটি পরিকল্পনা প্রণয়ন করা হবে। যদি নির্বাচিত হই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথম দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে গড়ে তুলবো। দায়িত্ব পাওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে নাগরিক সুবিধাগুলো জনগণের দোড়গোড়ায় নিশ্চিত করবো।

তিনি বলেন, ইদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব। অন্যান্য দেশে আমরা যে উৎসবগুলো দেখি কি সুন্দরভাবে সে উৎসবগুলোতে সাজিয়ে তোলা হয়। কিন্তু আমরা ইদুল ফিতরে লক্ষ্য করি না যে আমাদের ঢাকাকে সেভাবে সাজানো হয়। আমরা সেই ব্যবস্থা নেব।

‘ইদুল ফিতরে ঢাকা হবে মুসলমানদের জন্য একটি সাজানো নগরী। এখানে সারা বিশ্ব থেকে তাকিয়ে দেখবে ইদুল ফিতর কিভাবে উদযাপন করা হচ্ছে। ইসলামি মর্যাদা সংরক্ষণ করে এমনভাবে ইসলামিক নিদর্শন হিসেবে ঢাকাকে সাজিয়ে তুলবো।’

এ সময় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করেপোরেশনের একজন সেবক হিসেবে সবার কাছে দোয়া ও ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সুশিক্ষিত তরুণ নেতৃত্ব তাপস। নিরাপদ ঢাকা, মশামুক্ত ঢাকা, ডেঙ্গুমুক্ত ঢাকা গড়া একমাত্র তাপসের পক্ষে সম্ভব। তার কাছ থেকে আশা করতে পারি। নগরের স্বার্থে দরকার একজন সজ্জন, উচ্চ শিক্ষিত, সৎ ব্যক্তিত্ব। এজন্য তাপসকে নির্বাচিত করা দরকার। কারণ সে যেভাবে কাজ করতে পারবে অন্য কেউ পারবে না। তাদের (বিএনপির প্রার্থীদের) নির্বাচিত করার মানে হলো আন্দোলনের নামে নৈরাজ্য করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।