ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জনের প্রাণহানি

গ্রিসের আইওনিয়া সাগরে শনিবার অভিবাসীবাহী নৌকা ডুবে ১২ জন মারা গেছেন এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।

ঘটনার পর বেঁচে যাওয়াদের উদ্ধার করার জন্য আকাশ ও সমুদ্রপথে অনুসন্ধান শুরু করা হয়।

তদন্ত চলমান থাকায় নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ডের একজন মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মৃত ও উদ্ধারকৃত অভিবাসীদের গ্রিক দ্বীপ পাক্সোসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাওয়া গেছে।

তিনি জানান, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই নৌকাটিতে ৫০ জন মানুষ ছিলেন।’

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে কেউ একজন গ্রিসের জাতীয় জরুরি নম্বর ১১২-তে ফোন করে নৌকাডুবির বিষয়টি জানায়। পরে চারটি বাণিজ্যিক জাহাজ, ছয়টি কোস্টগার্ড জাহাজ এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করা হয়।