কেবল গুলশান-বারিধারাবাসীর কথা মাথায় রেখে উন্নয়ন স্বপ্ন না সাজিয়ে ঢাকাকে মেহনতী ও শ্রমজীবী মানুষের জন্যও একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল।
তিনি বলছেন, নির্বাচিত হলে তার কাছে গুরুত্ব পাবে মানুষকে নিয়ে একটি আন্দোলন গড়ে তোলা, যার লক্ষ্য হবে ঢাকাকে বাসযোগ্য করা।
কীভাবে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব? সাজেদুল হক রুবেল বলছেন, সেজন্য আন্দোলন করে হলেও নগর সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তার আগ পর্যন্ত ঢাকায় নাগরিক সেবাদানকারী ৫৬টি সরকারি প্রতিষ্ঠানের কাজে সমন্বয় আনতে বাধ্য করতে হবে।
পেশায় চিকিৎসক রুবেল রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে রুবেল লড়বেন সিপিবির দলীয় প্রতীক কাস্তে নিয়ে। আর এবারের নির্বাচনে পুরো ঢাকার ভোট হবে ইভিএমে।
আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজেদুল হক রুবেল বলেছেন, ইভিএম নিয়ে তার দল সিপিবির আস্থা নেই। নির্বাচন সুষ্ঠু হবে কি না- তা নিয়েও তিনি সন্দিহান। তারপরও ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই তাদের নির্বাচনে অংশগ্রহণ।
‘জনগণের ভোটে নির্বাচিত’ মেয়র
রুবেলের জন্ম থেকে বেড়ে ওঠা, লেখাপড়া-রাজনীতি সবই ঢাকায়। তার দেখায়, স্বাধীনতার পর অর্ধশত বছরে ঢাকা দিন দিন দূষিত, বসবাসের অযোগ্য হয়েছে।
“এখানে মশায় মানুষ মরছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর শতাধিক মানুষ মারা যাচ্ছে। এমনটা হওয়ার কথা ছিল না। ঢাকাকে আমরা বাসযোগ্য করতে চাই। বদলে দিতে চাই। কিন্তু পারছি না কেন? মেয়ররা পারছেন না কেন? আমরা এই না পারার কারণটাতে জোর দিতে চাই।”
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রুবেলের মতে, ‘দুর্বৃত্তায়িত’ রাজনীতি এবং ‘দুষ্টচক্রের’ মধ্যে আটকে যাওয়াই মেয়রদের সফল হতে না পারার মূল কারণ।
“একটা দ্বিদলীয় রাজনীতি আমাদের মধ্যে কাজ করছে। আওয়ামী লীগের নৌকা আছে, বিএনপি-জামায়াতের ধানের শীষ আছে। নৌকা এবং ধানের শীষ আমাদের দেখানো হয়। এর মধ্যে থেকেই মন্ত্রী হবে, মেয়র হবে, সবকিছু…। এই চক্রের মধ্য দিয়ে আমাদের স্বপ্নগুলো সব লুটপাট হয়ে যাচ্ছে।

“ফলে এদের প্রতিনিধিরা যখন নেতৃত্বে আসছেন তখন সিটি করপোরেশন টেন্ডারবাজিতে ডুবে যাবেই, আমাদের অভাব-অভিযোগও পূরণ হবে না, দলীয়করণ-স্বজনপ্রীতি চলবে।… এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বেরিয়ে এসে প্রথম যে জিনিসটা চাই, জনগণের ভোটে নির্বাচিত মেয়র।
“দ্বিতীয়ত, মেয়র এবং সিটি করপোরেশনের ক্ষমতা খুবই সীমিত। ঢাকায় যে প্রকাণ্ড সমস্যা, এর সমাধানে কতটুকু সাংবিধানিক এখতিয়ার আছে সিটি করপোরেশনের- সেটা নিয়ে প্রশ্ন আছে।”
দক্ষিণে সিপিবির প্রার্থী নেই কেন?
ঢাকা সিটি নির্বাচনে সিপিবি উত্তরে প্রার্থী দিলেও দক্ষিণে কেন দেয়নি তা জানতে চেয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। রুবেল বললেন, দক্ষিণে তার দলের প্রার্থী না থাকার কারণ ‘আর্থিক সীমাবদ্ধতা’।
“আমাদের অনেক কমরেড পাড়ায় পাড়ায় বছরের পর বছর কাজ করছে। সীমিত আয়ের মধ্যবিত্ত কেউ, কেউ শ্রমিক, কেউ যুবক, কেউ বেকার। আর্থিক সীমাবদ্ধতা আমাদের রয়েছে।”
ইসির নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে জামানতের টাকা জমা দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার সিডি কিনতে হয়। উত্তরে সিডির দাম ২৭ হাজার টাকা, দক্ষিণে প্রায় ৩৭ হাজার টাকা।
“আমাদের মত যারা বাম রাজনীতি করছে তাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ।… তার মানে হচ্ছে রাজনীতি করবে শুধু কোটিপতিরা, সাধারণ মানুষ রাজনীতি করবে না, ভোটে দাঁড়াবে না…। নির্বাচন কমিশন প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিয়েছে।”
পরিচ্ছন্ন ঢাকার জন্য পরিচ্ছন্ন রাজনীতি
সিপিবির প্রার্থী সাজেদুল হক রুবেল বলেন, ভোটারদের এটা ভাবতে হবে যে তাদের এবং তাদের সন্তানদের এই শহরেই থাকতে হবে।
“আমরা পরিচ্ছন্ন শহর চাই, পরিচ্ছন্ন ঢাকা চাই। মনে রাখবেন সবাই, পরিচ্ছন্ন ঢাকা কখনও পরিচ্ছন্ন রাজনীতি ছাড়া সম্ভব নয়।”
তার ভাষায়, ঢাকাকে বাসযোগ্য করতে হলে প্রয়োজন বিকল্প নেতৃত্ব।
“তাই আমরা বামপন্থি প্রার্থী, কমিউনিস্ট পার্টির প্রার্থী কাস্তে মার্কায় লড়ছি, আমরা এই আওয়ামী লীগ-বিএনপির রাজনীতিকে প্রত্যাখ্যান করে বিকল্প নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই। বাংলাদেশকে বদল করার আগে চলুন আমরা প্রিয় শহর ঢাকাকে বদলে দিই।”