ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় নাজমুল হুদার স্ত্রী ও মেয়ের আগাম জামিন

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়েকে সোমবার আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ৯ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে দুটি মামলা করেন।

মামলায় আসামিরা হলেন- নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে।

এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন তারা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেন।

অন্য মামলার অভিযোগে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন। ওই অর্থ দিয়ে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন।