ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের আদেশ মিয়ানমারকে অবিলম্বে বাস্তবায়নের তাগিদ জাতিসংঘের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় আইনি বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে ও নিঃশর্তভাবে পুরোপুরি বাস্তবায়ন করতে মিয়ানমারকে তাগিদ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ ত্রোসেল শুক্রবার জেনেভা থেকে এক বিবৃতিতে বলেন, আইসিজেতে যে মামলা চলছে তা অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ। এটি রোহিঙ্গাদের অত্যাচার এবং কঠোরভাবে দমনের অভিযোগে গণহত্যা সনদের অন্তর্ভুক্ত দেশ মিয়ানমারের সম্ভাব্য দায় আইনিভাবে নিরূপণের পথ খুলে দিয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা নির্যাতন বিষয়ে যেসব আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহি কার্যক্রম চলছে সেগুলোর সাথে সম্পূর্ণ সহযোগিতা দেখাতে মিয়ানমার কর্তৃপক্ষকে আহ্বান জানায় মানবাধিকার কমিশন। সেই সাথে রোহিঙ্গারা যাতে মিয়ানমারে শান্তি ও সম্মানের সাথে বসবাস ও সব মাননবাধিকার উপভোগ করতে পারে সে জন্য সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেয় সংস্থাটি।

লিজ ত্রোসেল বলেন, ভবিষ্যতে গণহত্যার সমপর্যায়ের কার্যক্রম থেকে রোহিঙ্গা গোষ্ঠীর সদস্যদের রক্ষায় মিয়ানমারকে তাদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিতে আইসিজে যে আদেশ দিয়েছে তাকে স্বাগত জানায় মানবাধিকার কমিশন।

বিবৃতিতে আরও বলা হয়, বারবার সহিংসতায় আক্রান্ত রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত বারবার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বারবার রোহিঙ্গাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা এবং তাদের নিপীড়নের সত্যিকারের জবাবদিহির আহ্বান জানিয়েছেন।