স্কুলের বিদায় অনুষ্ঠান থেকে বাসায় ফিরে পৃথিবী থেকে ‘চির বিদায়’ নিলো চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান মিম (১৫)।
পৌরসভার ৫নং ওয়ার্ডে বিল্লালের বাসভবনে নিজের শয়নকক্ষে থেকে সোমবার বিকালে মিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মিম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।
ছাত্রীর মা মরিয়ম বেগমের বরাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুর রশিদ জানান, পরীক্ষায় সময় পড়ার জন্য নতুন পোশাক টেইলর্স থেকে আনতে গিয়ে বাড়ি ফিরে দেখেন শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিমের শরীর ঝুলছে।
ময়নাতদন্তের জন্য লাশ জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মিমের স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, সোমবার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়, মিমও সেখানে ছিল। তবে বিদ্যালয়ে কারো সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর তিনি পাননি বলে জানিয়েছেন।