ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, গণনায় পাঁচ শতাধিক মানুষ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে ১৫টি লোহার দানবাক্স খোলার পর এই বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে আসে।

সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। মোট টাকার পরিমাণ জানতে গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গণনায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার দীর্ঘ বিরতি নেওয়া হয়। এই সময়ের মধ্যে দানবাক্সের সংখ্যা বাড়িয়ে নতুন দুটি বাক্সও বসানো হয়েছে।

সকালে দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর ইউএনও মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

এর আগে গত ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল, যার সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও ছিল।