ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফের অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়; এ ঘটনায় মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকরা সরে গিয়ে আনসার রোডের দিকে অগ্রসর হন এবং আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজারে অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।