আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রথম দ্বিপক্ষীয় সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ইউরোপের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে আগামী মাসের প্রথম সপ্তাহে সরকারি সফরে যাবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র ইতালিতে বছরের প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক বার্তা দেবেন। প্রায় দুই দশকের মধ্যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম দ্বিপক্ষীয় সফরে ইতালি যাচ্ছেন।
এছাড়াও এই সফরে ব্যবসা, বিনিয়োগের পাশাপাশি ইতালিতে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে। আর ইতালি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে।
বাংলাদেশের সঙ্গে ইউরোপের সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নেতাদের এ বছর বাংলাদেশ সফরেরও কথা রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা। তারা বলেছেন, এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে।