ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
জানা গেছে, আজ সকাল ৮টার দিকে কেন্দ্রে প্রবেশ করলেও কোন বুথে ভোট দেবেন সেটি খুঁজে পাচ্ছিলেন না আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। প্রথমে নিচ তলায়, পরে দ্বিতীয় তলার ২ নম্বর কক্ষ এবং তারপর তৃতীয় তলার ৫ নম্বর কক্ষে গিয়ে ফেরত আসতে হয় আতিককে। পরে তৃতীয় তলার ৩ নম্বর কক্ষ তার ভোটিং বুথ হিসেবে নিশ্চিত হলে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।
ঢাকার দুই সিটিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো দুই সিটিতে সম্পূর্ণ ইভিএমে নেওয়া হচ্ছে ভোট।
এবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে লড়ছেন ছয়জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা দক্ষিণে সাতজন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ওয়ার্ড ৭৫টি।
ইসি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।
ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপেটারেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। যার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১জন ও নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।