ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মেয়াদ শেষের আগেই চারুকলা ইনস্টিটিউটকে নতুনরূপে সাজাবো : আইভী

স্টাফ রিপোর্টার (দৈনিক আধুনিক বাংলা) :

আগামী দুই বছরের মধ্যে মেয়াদকাল শেষ হওয়ার আগেই নতুন ভবন নির্মান সম্পন্ন করার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনারা আমার পাশে ছিলেন এবং আছেন। আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমার মেয়াদ আছে আর মাত্র দুই বছর। এর মধ্যেই চারুকলা ইনস্টিটিউটকে নতুনরূপে সাজানো শেষ করব।

শুক্রবার দুপুরে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গনে রজত জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শংকর রায়সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী (রণবী) বলেন, আমি এর প্রতিষ্ঠাকাল থেকেই সম্পৃক্ত আছি। পঁচিশ বছর আগে একটা বস্তির মাঝখানে দূর্গন্ধময় স্থানে শুরু হয়ে আজকে সারাদেশের মধ্যে সাড়া জাগিয়েছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। নারায়ণগঞ্জের মানুষ সংস্কৃতিমনা বলেই এটা সম্ভব হয়েছে। এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের গর্ব।

এর মাধ্যমে নারায়ণগঞ্জের সংস্কৃতি অঙ্গন অনেকদূর এগিয়েছে এবং সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এই চারুকলা ইনস্টিটিউটের আরো সাফল্য কামনা করে এর পাশে থাকার জন্য নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান দেশবরেণ্য এই চিত্রশিল্পী।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: সামছুল আলম আজাদ জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ৯৪ সালে শহরের চাষাঢ়ায় রেলস্টেশন মসজিদের পেছনে মাত্র ৪জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।

৯৬ সালে ১৪জন শিক্ষার্থী নিয়ে জিমখানা বস্তি সংলগ্ন রেলওয়ের বরাদ্দকৃত ৮৩ শতাংশ জায়গার উপর ছোট্ট পরিসরে গড়ে তোলা হয় স্থায়ী ক্যাম্পাস। পরবর্তীতে সিটি করপোরেশন ২০১৮ সালে এই জায়গা রেলওয়ে থেকে অধিগ্রহন করে চারুকলা ইনস্টিটিউটকে আরো ৪৩ শতক জায়গা সম্প্রসারণসহ ১৩ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মন করে দেয়।

তিনি জানান, বর্তমানে ১ একর ২০ শতক জায়গার উপর চলছে এর অবকাঠামোগত উন্নয়ন কাজ। ২০০০ সালে এই ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী প্রি-ডিগ্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২০০৪ সালে প্রথম স্নাতক পরীক্ষায় অংশ নেন সমসাময়িক ব্যাচের শিক্ষার্থীরা।

২০০৬ সালে অনার্স কোর্স চালু হলে সারাদেশে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় ও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। গত পঁচিশ বছরে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী স্নাতক ও সম্মান ডিগ্রী অর্জন করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

অধ্যক্ষ সামছুল আলম আলম আরো জানান, মাস্টার্স কোর্স চালু করার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র অনুমোদন হয়েছে। তবে সিটি করপোরেশনের অর্থায়নে ইতোমধ্যে নতুন ভবন নির্মানসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের কাজ চলমান থাকায় এ বছর সেটা সম্ভব হচ্ছে না। আগামী বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হলেই নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু করার প্রত্যাশার কথা জানান তিনি।

এদিকে শুক্রবার ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, উৎসবের ভিন্ন এক চিত্র। সকাল থেকেই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গন। দিনভর সতীর্থদের আড্ডা, সেলফি তোলা, পিঠা খাওয়া ও স্মৃতিচারণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ক্যাম্পাসে। আনন্দে মেতে উঠেন সাবেক বর্তমান সব শিক্ষার্থী ও শিক্ষকসহ পরিচালনা পর্ষদের কর্মকর্তারা।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রজত জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণিল সাজে সাজানো হয় প্রতিষ্ঠানটিকে। নানা প্রতিকূলতা অতিক্রম করে পঁচিশ বছরে পদার্পণ করেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে কর্তৃপক্ষ আয়োজন করেছে বর্ণাঢ্য উৎসবসহ সাতদিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর।

প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক মধু জানান, ২০১০ সালের ডিসেম্বরে ঢাকায় ৩৭টি দেশের ৩শ’ ৩৭জন প্রতিযোগির অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিনি এস.আর প্রতিযোগিতায় মো: রবিন নামে এই ইনস্টিটিউটের শিক্ষার্থী গ্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন।

এছাড়া প্রতি বছর জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এখানকার শিক্ষার্থীরা নানা সাফল্য অর্জন করছেন। এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

একই অনুভূতি প্রকাশ করলেন সাবেক ও বর্তমান বেশ কয়েকজন শিক্ষার্থী। পাশাপাশি এই চারুকলা ইনস্টিটিউট নারায়ণগঞ্জের সংস্কৃতি চর্চ্চাকে আরো গতিশীল করে জেলাকে সংস্কৃতি সমৃদ্ধ করেছে বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পীরা।

বক্তব্য শেষে মেয়র আইভী ও চিত্রশিল্পীরা বিভিন্ন চিত্রকর্ম দেখেন এবং অভিভূত হন। রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের আঁকা নানা চিত্রকর্ম নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।