ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব বর্ষ উদযাপনের আরো ১০০ কোটি টাকা চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ

মুজিব বর্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন দেশে বিদেশে তুলে ধরতে আরো ১০০ কোটি টাকা চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ ।
সংশোধিত বাজেটের বৈঠকে অর্থ বিভাগ এবং মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক এ অর্থ চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ । ২০১৯-২০ অর্থ বছরে মন্ত্রি পরিষদ বিভাগ ব্যয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।
এছাড়াও গত ২৮ জানুয়ারী মন্ত্রি পরিষদ বিভাগের উপ সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি দিয়ে এ অতিরিক্ত অর্থ চাও হয়েছে ।
চিঠিতে বলা হয়েছে , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক চলতি ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দের অতিরিক্ত ১০০ কোটি টাকা এবং আগামী ২০২০-২১ অর্থ বছরের প্রাক্কলিত বাজেটে ২০০ কোটি টাকা প্রদানের অনুরোধ করা হয়েছে ।
চিঠিতে আরো বলা হয়েছে ২০১৯-২০ অর্থ বছরে জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত এ বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় জাতীয় বাস্তবায়ন কমিটির কর্তৃক চাহিদা ববাদ উক্ত অর্থ সংশ্লিষ্ট খাতে বরাদ্দ প্রদানের সিদ্বান্ত গৃহীত হয় ।

যা ছাড় করা হয়েছে তারমধ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির জন্য ২১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা, মিডিয়া সেন্টারের জন্য ৪৩ লাখ ৪০ হাজার । ভিডিও, চলচ্চিত্র নির্মাণে ১২ কোটি ৫০ লাখ ।মোটর সাইকেল মেরামতের জন্য দুই লাখ।৫৩ জেলায় ৫৫টি ক্ষণ গণনা যন্ত্রের জন্য ছয় কোটি ৫২ লাখ ।
এ বিষয়ে মুজিববর্ষ উদ্যাপনের প্রধান সমন্বয়কারী সাবেক সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মুজিববর্ষ উদ্যাপনের জন্য নানা প্রস্তুুতি চলছে। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সারা বছর থাকবে অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ থাকবে সমাপনী অনুষ্ঠানে। এর মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসী নতুন করে একটি বার্তা পাবে।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে মুজিব বর্ষ শুরু হবে সবচেয়ে বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর শেষ হবে ২০২১ সালের ১৭ মার্চ আরেকটি বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে । দু’টি অনুষ্ঠানেই বিদেশী রাষ্ট্রনায়ক ও মেহমানরা থাকবেন । এরইমধ্যে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু হয়েছে ।

এই এক বছরে সব মাধ্যমেই বঙ্গবন্ধুকে তুলে ধরা হবে। বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংসদে বলেছেন,‘মুজিববর্ষ পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধুর কর্মময় জীবন আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে । এর ফলে বিশ্ববাসী নতুন করে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন ।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২০-২১ সালের জন্য ইউনেস্কোর গ্রহণ করা ৫৯টি বার্ষিকী উদযাপনের প্রস্তাবের মধ্যে অন্যতম হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন ।বঙ্গবন্ধুকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে এই সিদ্ধান্ত গ্রহনে ইউনেস্কো উদ্যোগী হয় ।
জানা যায়, নগরসজ্জা, কর্মশালা-সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নিয়োগ দেওয়া হবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। এতে সম্মতি দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাতীয় বাস্তবায়ন কমিটির সরাসরি তত্ত্বাবধানে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজন, নগরসজ্জা এবং দেশে-বিদেশে কর্মশালা-সেমিনার বা কনফারেন্স, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন; স্মারকগ্রন্থ, কফি টেবিল, বইসহ বিভিন্ন প্রকাশনা, ভিডিও ডকুমেন্টারি, বিভিন্ন ধরনের স্মারক তৈরি করবে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে থাকবে বিশেষ আকর্ষণ। আসবেন গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি অতিথি। এ জন্য গুরুত্বপূর্ণ অতিথির তালিকা তৈরি করে যোগাযোগ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশ সৃষ্টিতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের বিশেষ সম্মাননা দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বছরজুড়েই যেন নানা আয়োজন থাকে সে জন্য কর্মপরিকল্পনা মোতাবেক বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর নিজ নিজ অধিক্ষেত্রের দায়িত্ব পালন করবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও করবে নানা আয়োজন।কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাঁকজমকভাবে উদ্যাপন করা হবে।