ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় নিজ চেম্বারে চিকিৎসককে ছুরিকাঘাত

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সোমবার সকালে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)।

এসময় হামলাকারী উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে হাসপাতালের স্টাফরা।

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে এবং বর্তমানে নড়াইল জেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মহাসিন গাজী সকালে ডা. উত্তম দেওয়ানের কক্ষে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে।

অভিযুক্ত চিকিৎসক মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতো। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনার সাথে সাথেই আহত ডাক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছি।