রাজধানীর আদাবরে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যাকাণ্ডের মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্না শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন আসামি সাহাবুদ্দিন আজমকে আদালতে উপস্থিত করা হয়। তাঁর পক্ষে আইনজীবী এস এম শরীফুল জামিন আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ২১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান সাহাবুদ্দিন আজমকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, ৫ আগস্ট আদাবরের রিংরোড এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে আওয়ামী লীগের এই নেতার সক্রিয় ভূমিকা ছিল এবং রুবেল হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
গত ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।