ছয় দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন নীলফামারী পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরও চারজন মেয়র। এদের মধ্যে পৌরসভা সমিতির সাধারণ সম্পাদকও রয়েছেন।
৮-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড আরবান ফোরাম’ এর দশম সম্মেলনে অংশ নেবেন তারা।
সম্মেলনে অংশ নেওয়া অন্য চারজন হলেন— পৌরসভা সমিতির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, বগুড়া পৌরসভার মেয়র মাহাবুবার রহমান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা হতে ছয় ফেব্রুয়ারি এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউনাইটেড সিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টস এশিয়া প্যাসিফিক (ইউসিএলজি-এএসপিএসি) এবং ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কর্তৃক ‘ওয়াল্ড আরবান ফোরাম’ এর দশম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।