ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি

মেগা প্রকল্প পদ্মা সেতুর পাশেই শিবচরে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। ইতোমধ্যে এর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী তার সঙ্গে ছিলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। পদ্মা সেতুর পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন করা হবে।

তিনি বলেন, শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়। আমি চিফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনা মাফিক শিবচরকে সাজানোর জন্য। আমরা যদি দেশের সকল উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান সেভাবে সাজানো সম্ভব হবে।

এর আগে দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।