ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার সর্বোচ্চ ঝুঁকিতে ২০ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি দেশ বা অঞ্চলের একটি তালিকা করা হয়েছে। এ তালিকায় প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম। জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটি ও রবার্ট কচ ইনস্টিটিউটের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বজুড়ে ৪ হাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের ধরন বিশ্লেষণ করে এদের মধ্যে পাওয়া ২৫ হাজারেরও বেশি প্রত্যক্ষ যোগাযোগের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়।

গত বছরের শেষ দিকে চীনের হুবান রাজ্যের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে রবিবার পর্যন্ত ৮১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। ইতোমধ্যে চীনের সীমানা পেরিয়ে বিশ্বের বিশের অধিক দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া। থাইল্যান্ডে ও জাপানে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। আর দক্ষিণ কোরিয়ায় ২৪ জন।

ঝুঁকিতে শীর্ষ ২০টি দেশের মধ্যে অন্যগুলো হলো- হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ম্যাকাও, ফিলিপাইন, রাশিয়া, কানাডা, ভারত, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার।