ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জামিন পাবেন, আশাবাদ ফখরুলের

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে বিচার বিভাগের স্বাতন্ত্র্য প্রদর্শনের মাধ্যমে হাইকোর্ট ‘সঠিক’ আদেশ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার হাইকোর্টের একটি বেঞ্চে বিএনপি প্রধানের জামিন আবেদনের শুনানি শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, বিচার বিভাগ মামলার ধরণ অনুযায়ী সত্য রায় দিয়ে তার স্বাধীনতা রক্ষা করবে, কারণ খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে আটক রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ আদালতে বিশ্বাস করি। যেহেতু আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে বিশ্বাস করি, এজন্য আমরা বারবার সেখানে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান ফ্যাসিবাদী সরকার আদালতকে নিয়ন্ত্রণ করছে। এর ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছেন না এবং খালেদা জিয়াকেও ন্যায়বিচর থেকে বঞ্চিত করা হচ্ছে।’

‘খালেদা যে মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশের গঠনতন্ত্র অনুযায়ী সেক্ষেত্রে তিনি জামিনের দাবিদার। জামিন পাওয়া তার অধিকার, কিন্তু সেই অধিকার থেকে তিনি বঞ্চিত,’ বলেন ফখরুল।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।