ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে খুলনা মহানগরীর ডাক বাংলোর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, ‘ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর এখন সেই মুসলমানদের সাথে মোদি সরকার নিপীড়নমূলক আচরণ করছে।’

ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তারা মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেদ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশে অনতিবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা মো. সালেহ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।