ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে বাদাম বিক্রি করেই পড়াশোনা চালাচ্ছে রানাঘাটের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

কখনও কখনও ইচ্ছাশক্তির কাছে হার মানে দারিদ্রতা। নাবালক বয়েসেই সংসারের বোঝা কাঁধে নিয়ে লোকাল ট্রেনে হকারি করতে হচ্ছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুরের বাসিন্দা মিঠুন বিশ্বাসকে। ফলে মা ও ছেলের সংসার কোনওমতে দিন কেটে গেলেও মিঠুনের খিদে মেটে না। তাঁর খিদে যে পড়াশোনা। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী মিঠুন ভালো নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছে। বছর তিনেক ধরে সকাল-সন্ধ্যা সে লোকাল ট্রেনে বাদাম বিক্রি করে। আর রাতে করে পড়াশোনা। তাঁর ইচ্ছা ইঞ্জিনিয়ার হয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। কিন্তু তাঁর জন্য প্রয়োজন প্রচুর টাকা। দিন আনি দিন খাই সংসারে টাকারই যে বড় অভাব।

ছোটবেলাতেই মিঠুনের বাবা তাঁদের ফেলে অন্যত্র চলে গিয়েছিলেন। ফলে অভাব তাঁদের নিত্যসঙ্গী। কোনও মতে মিঠুনের মা উর্মিলাদেবী সংসার টেনেছেন। একটু বড় হয়েই মিঠুন হাল ধরেছে সংসারের। পেটের তাগিদে ও পড়াশোনার খরচ চালানোর জন্য শুরু হয় ভ্যান চালানোর কাজ। বর্তমানে সে এখন রানাঘাট লালগোলা ট্রেনের বাদাম বিক্রেতা। ট্রেনে হকারি করেই পড়াশোনা চালিয়ে সে এখন তেহট্ট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে মিঠুনের এখন চিন্তু খরচের বোঝা। সংসারের বোঝা টানতে গিয়ে হতদরিদ্র পরিবারের এই ছেলে কিভাবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার খরচ ও বইপত্র জোগার করবে, সেই নিয়ে চিন্তায়।

তবে তাঁর কথা জানতে পেরে এলাকারই এক সহৃদয় ব্যক্তি পাশে দাঁড়িয়েছেন মিঠুনের। দিয়েছেন দশ হাজার টাকা। সেটা দিয়ে কলেজে ভর্তি হয়েছে মিঠুন। এবার সামনে আরও বড় যুদ্ধ। তাঁকে ট্রেনে হকারি করতে একদিন দেখে ফেলেন তেহট্ট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ। তিনিও পরে মিঠুনকে ডেকে সব ঘটনা শোনেন। মিঠুনের কথায়, অধ্যক্ষ স্যার তাঁকে সবরকমের সাহায্য করবেন বলেও আস্বস্ত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার বিপুল খরচ নিয়ে চিন্তায় মিঠুন। প্রতিবেশীদের বক্তব্য, টাকার জন্য এরকম একজন মেধাবী ছেলের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব সরকারের। মিঠুনও আশায় যদি সরকারি কোনও সাহায্য পায় তবে পড়াশোনা সে চালিয়ে যেতে পারবে। আর সংসার খরচ সে লোকাল ট্রেনে বাদাম বিক্রি করেই চালিয়ে নিতে পারবে।