আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চের ভাষণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমার মা। মা বলেছিলেন, এ দেশের মানুষের মন তুমি বোঝ। তোমার মনে যা আসবে তুমি তাই বলবে।’
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা সবাই ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য বাধা দিয়েছে। তারা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল আর ইউনেস্কো সেটাকে সেরা ভাষণ হিসেবে গ্রহণ করেছে। তারা যখন ক্ষমতায় ছিল বারবার ইতিহাস বিকৃতি করেছে। স্বাধীনতার ঘোষক যাকে সাজানো হয়েছে, সে সরকারের চারশ টাকা বেতনের কর্মচারী ছিল। কোথাকার কোন মেজর এসে বাঁশিতে ফু দিল আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এটা কি কখনও সম্ভব?’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু ভবিষ্যত বলে দিতে পারতেন। কিন্তু জনসম্মুখে বলতেন না।
তিনি বলেন, ‘এই বাংলার মাটিতে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সকল গৃহহীন মানুষকে আমরা ঘর করে দেব।’
প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছি। তিনি যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, বাঙালি জাতির জন্য যে উন্নত জীবনের কথা ভেবেছিলেন, তার সেই স্বপ্নকে আজ আমরা বাস্তবে রূপ দিচ্ছি।”
শেখ হাসিনা বলেন, ৭ মার্চের ভাষণ নিয়ে অনেকে অনেক কথাই বলেছেন। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। আমি শুধু বলব, অনেকে উচ্চারণ করেছেন। আমি শুধু বলব ৭ মার্চের ভাষণের একেকটি লাইনই একেকটি কোটেশন। আর সেই লাইনগুলো ছিল সেই সময়ের জন্য প্রযোজ্য।
তিনি বলেন, তখনকার যে অবস্থা, অনেক খবরই আমরা জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে পেতাম, যা বাইরের মানুষের জানার কথা। ওই সময় পাকিস্তানিরা সম্পূর্ণ প্রস্তুত ছিল। তাদের যুদ্ধ বিমান রেডি ছিল, হেলিকপ্টার রেডি ছিল। ৭ মার্চের ভাষণে তিনি কী বলবেন, সে অনুযায়ী অ্যাকশন প্ল্যান রেডি ছিল পাকিস্তানিদের। ব্রিটিশ আমলে যেমন জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক ওই রকম প্রস্তুতিও ছিল। তাই জাতির পিতাকে কৌশলী হতে হয়েছে।
শেখ হাসিনা বলেন, একটি জাতি তার সামনে কোনো আশা নেই, ভরসা নেই, স্বপ্ন নেই। সেই জাতিকে বঙ্গবন্ধু আশার বাণী শুনিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদসহ অনেকে।