ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শিশু দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি সকাল ১০টায় জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে।

তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

রাষ্ট্রপতি হামিদ মাজার প্রাঙ্গণে পরিদর্শন বইতেও সই করবেন।

এর আগে রাষ্ট্রপতি হামিদ সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিনিয়র রাজনীতিবিদরা তাকে স্বাগত জানাবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সোমবার ইউএনবিকে জানিয়েছেন।

রাষ্ট্রপতি সন্ধ্যায় বঙ্গভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবেন বলেও জানান জয়নাল আবেদীন।

দিবসটি উপলক্ষে রাত ৮টার পর রাষ্ট্রপতির রেকর্ড করা ভাষণ রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে।