সংকটের এ সময়ে ত্রাণসামগ্রী লুটপাট করা বরদাস্ত করা হবে না বলে সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘একটি মহল প্রয়োজনীয় সামগ্রী মজুদ এবং ত্রাণসামগ্রী লুটপাটের সাথে জড়িত। ত্রাণ বিতরণের নামে লুটপাট সহ্য করা হবে না।’
পহেলা বৈশাখের প্রাক্কালে সব পেশাজীবী, রাজনীতিবিদ, শ্রমিক নেতা এবং স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে যোগদানের আহ্বান জানান কাদের।
তিনি বলেন, ‘নিজেকে সহায়তা করার জন্যই শেখ হাসিনাকে সহায়তা করুন। এ সংকটের সময়ে দলীয় রাজনীতি নেই, এখন মানুষের জীবন বাঁচানোই একমাত্র রাজনীতি।’
এছাড়া অদৃশ্য শত্রু করোনভাইরাসকে মোকাবিলা করার জন্য সবাইকে ঘরে থাকার এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান মন্ত্রী।