প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার পয়লা বৈশাখের বাইরের সব অনুষ্ঠানের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এ উৎসব। কিন্তু এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সব অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। কারণ, ইতোমধ্যে এ ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে।’
জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানও একইভাবে উদযাপন করা হবে।
পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।’