ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে জনগণের পাশে দাঁড়াচ্ছে না বিএনপি: হাছান মাহমুদ

দেশে চলমান দুর্যোগের সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়াচ্ছে না বলে মঙ্গলবার অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা করোনাভাইরাসের এ দুর্যোগে জনগণের পাশে না দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তার প্রতিযোগিতায় নেমেছেন।’

সব গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তাসহ দেশের প্রায় ৬ কোটি মানুষকে সরকারি সহায়তার আওতায় এনেছেন।

কিন্তু এ বিষয়টি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণায় প্রতিফলিত না হওয়ায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেন হাছান মাহমুদ।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা এখন ৪৬ জনে দাঁড়িয়েছে। সেই সাথে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২০৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এখন ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১০১২ জন।