ঢাকা, সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ওসমানী মেডিকেলের চিকিৎসক মঈন মারা গেছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে ডা. মঈন উদ্দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা আনিসুর রহমান জানান, ডা. মঈন উদ্দিন আগে থেকেই ভেন্টিলেটরে ছিলেন। সংক্রমণ তার হার্টে ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার রাত থেকে তার শরীর বেশি খারাপ করে।

তিনি আরও জানান, সংক্রমণ বিধি মেনে ঢাকাতেই তার দাফন হবে।

ডা. মঈন উদ্দিন ছিলেন সিলেটের প্রথম করোনা রোগী। গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে। রোগ ধরা পড়ার পর শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদের এবং পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়।

এদিকে, তার শরীরের অবস্থা খারাপের দিকে গেলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শারীরিক অবস্থা উন্নতি না হলে ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়।