ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় দেশে মোট মৃত্যু ১৬৩, আক্রান্ত ৭১০৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও আটজনের মৃত্যুর মধ্য দিয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও ৬৪১ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা আটজনের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে ছয়জনই ঢাকার।

নতুন করে ১১ জনসহ মোট ১৫০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৯৭০। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ১১৫ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১৭ হাজার ৯৭০ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।