ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে সুইডিশ প্রধানমন্ত্রীর ফোন, পোশাক কেনার আদেশ বাতিল না করার আশ্বাস

সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লফভেন বুধবার আশ্বাস দিয়েছেন যে তার দেশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য কেনার কোনো আদেশ বাতিল করবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য আমদানি করা বহাল রাখব।’

জবাবে শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে করোনাভাইরাস প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক পণ্যের আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণ করতে পারবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইউএনবিকে বলেন, ‘সুইডিশ প্রধানমন্ত্রী দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দেন এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।’

দুই নেতা তাদের ১৫ মিনিটের আলাপে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা আশাবাদী যে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতি সত্ত্বেও আমরা সুইডেনসহ আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক পণ্যের ক্রয়াদেশ মেটাতে পারব।’

তিনি জানান, বাংলাদেশে পোশাক শিল্প মালিকরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের কারখানা পুনরায় খুলে দিয়েছেন।

দুই নেতার আলোচনায় উভয় দেশের করোনাভাইরাস পরিস্থিতিও উঠে আসে। তারা এ মহামারি মোকাবিলায় উভয় দেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামরি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এক সাথে কাজ করতে পুনরায় আহ্বান জানান বলেও তার প্রেস সচিব উল্লেখ করেন।