ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে মৃত মায়ের বয়স্ক ভাতা ভোগ করছেন মেম্বার নিজেই

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। মৃত মায়ের নামের ভাতা বই ব্যবহার করে ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন বলে জানাগেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নির্দেশে সমাজ সেবা অধিদপ্তর তদন্ত করছেন। ভাতা আত্মসৎকারী নারায়নপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান উকিল।
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য মতিউর রহমানের মা মালেকা খাতুন ২০১৮ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর কথা গোপন রেখে মতিউর রহমান ২০১৯ সালের জুন পর্যন্ত ব্যাংক থেকে মায়ের নামের বয়স্কভাতা উত্তোলন করেছেন। বিষয়টি ভুল পথে প্রবাহিত করতে গত বুধবার মেম্বার উপজেলা সমাজসেবা অফিসে তার মায়ের মৃত্যুর একটি মনগড়া সনদ দাখিল করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত মতিউর রহমান উকিল বলেন, মা ২০১৯ সালের ২০ মে মারা গেছেন। সেইমর্মে একটি মৃত্যু সনদ সমাজসেবা অফিসে দাখিল করেছি। প্রতিপক্ষের লোকজন আমার সম্মানহানির উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালাচ্ছে। প্রয়োজনে এলাকায় গিয়ে সত্যতা যাচাই করতে পারেন।
ইউপি সদস্য মতিউর রহমানের মায়ের মৃত্যু সনদ ইস্যুকারী প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন সনদ বাতিল চেয়ে উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদন করেছেন। তিনি আবেদনে উল্লেখ করেছেন, না বুঝে সেই সনদটি ইস্যু করেছিলেন। ইস্যুকৃত সনদটি নিয়ে যেহেতু বিতর্ক রয়েছে তাই সনদটি বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসে আবেদন করেছি।
দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান সনদ বাতিল চাওয়ায় বিষয়টি নিয়ে রহস্য দানা বেধেছে। মৃত্যু ব্যক্তির নামের বয়স্ক ভাতা আত্মসাতের বিষয়ে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। ৩ মে রোববার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন বিষয়টি তদন্তে আসে।
তদন্তকালে সমাজ সেবার উপ-পরিচালক বলেন, নীতিমালা অনুযায়ী প্রত্যেক বয়স্কভাতা ভোগী প্রতিমাসে ৫০০ টাকা করে পাবেন। ব্যাংকের মাধ্যমে তিনমাস অন্তর ভাতা প্রদান করা হয়। ভাতাভোগীর মৃত্যু পরবর্তী ৩ মাস পর্যন্ত তার নমিনী ভাতা উত্তোলন করতে পারবে। কিন্তু ব্যাংক হিসাবের তথ্য ও ভাতাভোগীর পাশ বই অনুযায়ী ইউপি সদস্য মতিউর রহমানের মায়ের নামে সর্বশেষ ভাতা উত্তোলন হয়েছে ২০১৯ এর জুন পর্যন্ত। বিষয়টি তদন্ত চলছে। অনিয়ম প্রমানিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, অভিযোগ পাওয়া পর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এর পূর্বে ওই ব্যক্তির নামে কতবার টাকা তোলা হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তির বই নিয়ে কে ব্যাংকে গিয়েছিল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।