ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমছে না

বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে যাওয়া, বাংলাদেশে গণপরিবহন ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়া একই সঙ্গে গ্রাহকদের ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ পাওয়া গিয়েছে সম্প্রতি। এগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার পর কোন কোন মহল থেকে বলা হচ্ছে তেলের দাম কমিয়ে দিলে পরিবহন ভাড়া কমে যেত। এমন নানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কথা হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে টেলিফোনে কথা হয়। তিনি আমাদের সময়কে বিস্তারিত বলেছেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন এ মুহূর্তে জ্বালানি তেলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া পরিবহন ভাড়া কমানোর সঙ্গে জ্বালানি তেলের মূল্য কমানোকে একটি খোঁড়া যুক্তি হিসেবেও উল্লেখ করেছেন। পরিবহন ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধি বা কমানোর বিষয়টি সম্পূর্ণ আরেক মন্ত্রণালয়ের বিষয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঠিক করবেন গণপরিবহনের ভাড়া বৃদ্ধি বা কমানোর বিষয়টি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের পরিবহন খাতে এখনো শৃঙ্খলা আনা সম্ভব হয়নি। পরিবহন খাতের ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে রাখছে। তিনি বলেন, সারা বছর তো ব্যবসা করেছেন পরিবহন ব্যবসায়ীরা। এ মুহূর্তে ভাড়া না বাড়িয়ে আগের ভাড়ার অর্ধেক নেওয়া উচিত মানবিক কারণে। সরকার মানুষের জন্য সব কিছু করার চেষ্টা করছে। ব্যবসায়ীদেরও মানুষের পাশে থাকা দরকার। প্রতিমন্ত্রী বলেন গণপরিবহনের বিশৃঙ্খলা নিয়ে পরিচিত মানুষজন প্রায়ই অভিযোগ করে থাকেন। আমি মনে করি গণপরিবহন সঠিকভাবে রেগুলেট করা উচিত। এ ছাড়া দেশজুড়ে যেসব চাঁদাবাজির অভিযোগ আছে এগুলো খতিয়ে বের করে বন্ধ করা উচিত।

বলা হচ্ছে তেলের দাম কমালে পরিবহন ভাড়া না বাড়ালে হতো। বিশ্বব্যাপী তেলের দামও অনেক কমে গেছে। এ মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা কোনো যুক্তিই হতে পারে না। বাস ভাড়ার জন্য যদি তেলের দাম কমিয়ে দিই। গার্মেন্টস মালিকরা বলছে বিদ্যুৎ বিল পরে নেন এভাবেই চলতে পারে নাকি? সবাই তো সরকারের সুবিধা নিয়ে সারা বছর ব্যবসা করেছেন। করোনার এ সময়ে মানবিক চিন্তা করে মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন এখন হয়তো তেলের দাম বিশ্ববাজারে কমেছে। কিন্তু সরকার বেশি দামে যে তেল কিনেছে সেই তেল এখনো স্টকে রয়ে গেছে। ফলে বাস ভাড়া কমানোর জন্য তেলের দাম কমিয়ে দেওয়ার কথা যারা বলছেন সেটা অযৌক্তিক।

প্রতিমন্ত্রী বলেন এখনো প্রায় তেলের দাম ২৫ থেকে ৩০ হাজার কোটি পাবে সরকার। এ ছাড়া দেশের প্রায় দেড় কোটি গ্রাহককে ভর্তুকি দিয়ে বিশেষ করে দুই থেকে আড়াই টাকা ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সরকার মানুষের পাশে আছে। সরকার মানুষকে ভর্তুকি দিয়ে আসছে। গার্মেন্টস বা টেক্সটাইল খাতের এখনো ছয় হাজার কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল জমা পড়ে আছে। ফলে করোনার অজুহাতে সরকারের কাছ থেকে আরও সুবিধা না চেয়ে মানুষের পাশে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের দাঁড়ানো উচিত।

করোনাকালের তিন মাসের আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করা হলেও ব্যাপক হারে ভুতুড়ে বিল বা বেশি বিল দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে চার কোটি বিদ্যুৎ গ্রাহক। করোনাকালে প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে রিডিং সংগ্রহ করার ঝুঁকি ছিল। ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলা গড় বিল বা এভারেজ বিল করেছে। এখন চার কোটি গ্রাহকের মধ্যে কিছু গ্রাহকের বিল হয়তো বেশি হয়েছে। আমরা স্পষ্ট করে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছি গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ আমলে নিয়ে সংশোধন করে দিতে।

তিনি বলেন, গ্রাহকদের কাছ থেকে এক টাকাও বিদ্যুৎ বিল বেশি নেওয়ার সুযোগ নেই। যদি কোনো গ্রাহকের বেশি বিদ্যুৎ বিল দিয়ে থাকে এবং সেটা পরিশোধও করে তবু পরের মাসের বিলের সঙ্গে সেটা সমন্বয় করে দেওয়া হবে। অর্থাৎ তার মিটারের রিডিংয়ের সঙ্গে সমন্বয় করলে তার পরের মাসের বিল কমে আসবে। সুতরাং কারও বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের মন্ত্রণালয়ের ওয়েসবাইটে আমার ফোন নাম্বার আছে। ই-মেইল আছে কেউ চাইলে আমাকেও ফোন এসএমএস বা মেইল করতে পারেন। সমস্যা সমাধান হয়ে যাবে।

করোনাকালে মন্ত্রণালয়ের কার্যক্রম কীভাবে পরিচালনাা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় আগে থেকেই ই-ফাইলিং কার্যক্রমে এগিয়ে ছিল। এখন সেটা আরও জোরদার হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ে সব সংস্থা বা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কাজ পরিচালনা করতে। কোনোভাবেই কাজের গতি থামানো যাবে না।