ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে সামাজিক অস্থিরতা

বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারে তথা আর্থ-সামাজিক খাতে এর নেতিবাচক প্রভাবে সর্বগ্রাসী এক সংকট সৃষ্টি হয়েছে; সর্ব ক্ষেত্রেই দেখা দিয়েছে এক ধরনের অস্থিরতা। দেশের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে করোনা প্রত্যক্ষ বা পরোক্ষ থাবা বসায়নি। করোনার কারণে সার্বিকভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে জীবন-জীবিকার তাগিদে যে ‘যুদ্ধাবস্থা’ তৈরি হয়েছে, চলমান সংকট যত দীর্ঘস্থায়ী হবে, সেটিও ততই তীব্রতর হবে। এতে করে মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসবে, বাড়বে সামাজিক অস্থিরতা।

বিভিন্ন গবেষণা বলছে, করোনাসৃষ্ট চলমান অচলাবস্থা দীর্ঘকাল চলতে থাকলে কর্মসংস্থান, অর্থনীতি, মানসিক স্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলার ওপর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষত, সামাজিক সুরক্ষা বলয়ও যেহেতু এখানে সীমিত। লকডাউনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার ক্ষমতা ধনী রাষ্ট্রগুলোর থাকলেও নিম্ন ও মধ্যম আয়ের রাষ্ট্রগুলো কতটা টিকে থাকতে পারবে সেটিই বরং অনেক বড় একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

দেশে করোনা ছোবল হানার মাসখানেক পেরুতেই এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে, শিক্ষায়, ব্যবসা-বাণিজ্যে, এমনকি রাজনীতিতেও বিরাজ করছে স্থবিরতা। আর চিকিৎসা খাতে এতটাই সংকট

সৃষ্টি হয়েছে যে, সাধারণ মানুষ স্বাভাবিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে, সেবার পরিবর্তে ভোগান্তি পেতে হচ্ছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ। শিক্ষার্থীরা তাই অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে। রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাকশিল্পে ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় অনেক শিল্প-কারখানায় কর্মচারী-শ্রমিকদের বেতন বন্ধ আছে; শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে অহরহ। সঙ্গত কারণেই বাড়ছে বেকারত্ব। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর পরই দেশে অপরাধমূলক কর্মকা- হ্রাস পেলেও এখন ফের বাড়তে শুরু করেছে। প্রতিটি সেক্টরে অস্থিরতা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে, তা মানুষের মনোজগতে আঘাত হানছে।

গত ৫ মে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধনী দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম আয়ের দেশগুলোতে লকডাউন বজায় রাখাও কঠিন। উদাহরণ হিসেবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ মানুষ কাজ করে অনানুষ্ঠানিক খাতে এবং মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ মানুষের মাথাপিছু দৈনিক গড় আয় ৫০০ টাকার কম। তাই জনসংখ্যার একটি বিশাল অংশ তাদের পরিবার চালাতে দৈনিক মজুরির ওপর নির্ভরশীল হওয়ায় লকডাউনের মতো কঠোর পদক্ষেপ ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে আরও বড় বিপর্যয় নিয়ে আসতে পারে।

ডা. রাজীব চৌধুরী, ডা. ইমরান মতিন ও ডা. অস্কার ফ্রাংকোর ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় দীর্ঘমেয়াদি লকডাউন বজায় থাকলে কর্মহীনতা ও দরিদ্রতা লাগামহীন হারে বাড়তে পারে, এর সঙ্গে বাড়তে পারে অনাহারজনিত মৃত্যুর সংখ্যাও। এতে এমন এক পরিস্থিতি সামনে আসতে পারে, যেখানে অর্থনীতিজনিত মৃত্যুর সংখ্যা করোনা মহামারীতে প্রাণ হারানো সংখ্যার সমানুপাতিক হয়ে যেতে পারে।

বাংলাদেশে বিআইজিডি-পিপিআরসির যৌথ উদ্যোগে গ্রামে ও শহরের বস্তিতে থাকা ৫,৪৭১টি পরিবারের ওপর পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায়, তাদের গড় আয় কমেছে প্রায় ৭০ শতাংশ এবং খাবারের ব্যয় কমেছে ২৬ শতাংশ। সমীক্ষায় এও উঠে এসেছে যে, এসব পরিবার বাহ্যিক কোনো সহায়তা ছাড়া সর্বোচ্চ দুই সপ্তাহ চলতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পৃথিবীর অন্যান্য দেশে করোনা সর্বোচ্চ পর্যায়ে থাকাবস্থায় গড়ে ২০ শতাংশ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই হিসাবে বাংলাদেশ এখন আক্রান্তের সর্বোচ্চ পর্যায়ে আছে। এ পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকবে। এর পর কমতে থাকলেও ভ্যাকসিন কিংবা প্রতিরোধমূলক কোনো ওষুধ আবিষ্কার না হওয়া পর্যন্ত সহসাই করোনাকে বিদায় করা সম্ভব নয়। তাই দীর্ঘস্থায়ী সামাজিক অস্থিরতা থেকেই যাবে।

বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতি বিবেচনায় করোনা সংকট কমে এলে জীবিকার তাগিদে সামাজিক সুরক্ষা মেনে সব কার্যক্রম স্বাভাবিক করতে হবে। ব্যবসায়িক কার্যক্রমে গতি আনতে নিতে হবে নানা পদক্ষেপ। কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রণোদনা দিতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হবে। শিক্ষাক্ষেত্রে আনতে হবে বৈচিত্র্য।

এতদিন দেশের স্বাস্থ্য খাতের সামর্থ্য সম্পর্কে নানা কথা বলা হলেও করোনার বিস্তারের পর সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে প্রকৃত বাস্তবতা। করোনায় আক্রান্তদের চিকিৎসা তো দূরের কথা, এখন অন্যান্য অসংক্রামক রোগের চিকিৎসা পাওয়া দুরূহ হয়ে পড়েছে, মিলছে না স্বাভাবিক স্বাস্থ্যসেবাও। খোদ রাজধানীতেই সাধারণ একজন রোগীকে ভর্তি করতে তার স্বজনেরা হাসপাতালের পর হাসপাতালে ঘুরেছেন, কোথাও ভর্তি করাতে পারেননি, অ্যাম্বুলেন্সেই ঘণ্টার পর ঘণ্টা কাতরাতে কাতরাতে মারা গেছেন, এমন ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত রোগীই শুধু নয়, অন্য সব রোগীরও মৃত্যুর নজির রয়েছে।

বাংলাদেশে করোনা আঘাত হানার পর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সম্প্রতি কিছু প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হলেও তা খুবই সীমিত পর্যায়ে আছে। ব্যাপকভাবে অনলাইন পাঠক্রম শুরুর ক্ষেত্রে রয়ে গেছে নানা সীমাবদ্ধতা। ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোর সেশন শেষ হয় জুনে। এবার এ ধরনের প্রতিষ্ঠানগুলো কোনো পরীক্ষা গ্রহণ না করেই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দিয়েছে। এভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও একই পথ অবলম্বন করতে হতে পারে।

তবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ মানুষ যে মাত্রায় কর্মহীন হয়ে পড়ছে, তাই সর্বাধিক দুশ্চিন্তায় ফেলেছে সরকারকে। কারণ ব্যাপক জনগোষ্ঠীকে আর্থিক প্রণোদনা প্রদানের মাধ্যমে টিকিয়ে রাখার মতো সামর্থ্য নেই রাষ্ট্রের। যদিও ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়েছে। এ সবেও অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। আর চলমান সংকট দীর্ঘমেয়াদি হলে সরকারের পক্ষে প্রণোদনা দিয়ে সব ক্ষেত্র গতিশীল করা কঠিন হয়ে পড়বে।

যেহেতু সংক্রমণ বিস্তার রোধে দেশ ৬৬ দিন লকডাউন ছিল এবং এখনো সব স্বাভাবিক হয়নি; তাই নিম্ন আয়ের মানুষ অর্থসংকটে পড়েছে। শুরুতেই সঞ্চয়হীন ভাসমান মানুষ, দিনমজুর, বৃদ্ধ-অনাথ-এতিম, রিকশা, ছোট কারখানা, নির্মাণশ্রমিক যারা ‘দিন আনে দিন খান’, তারা লকডাউনের দ্বিতীয় সপ্তাহ থেকেই আয়হীনতার কারণে খাদ্যসংকটে পড়েন।

কোাভিড-১৯ ভাইরাসের কারণে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রাক্কলিত বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির চিত্রে দেখা গেছে, আমাদের মোট শ্রমশক্তি ৬ কোটি ৮ লাখ, যার মাত্র ১৪ দশমিক ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। এশীয় উন্নয়ন ব্যাংক প্রাক্কলন করেছে, অন্তত নয় লাখ লোক আনুষ্ঠানিক খাতে কর্মহীন হবে। অনানুষ্ঠানিক খাতে কর্মে নিয়োজিত শ্রমশক্তির ৮৫ দশমিক ১ শতাংশ বা ৫ কোটি ১৭ লাখ ৩৪ হাজার। শ্রম অধিকার প্রায় বঞ্চিত বিশাল শ্রমশক্তির অধিকাংশই কাজ হারানোর ঝুঁকিতে রয়েছে।

৬ মার্চ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ২৫ হাজার ৬৭০ কোটি টাকার বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ক্ষতি হতে পারে। অন্তত প্রতিবেদন অনুযায়ী করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে মোটাদাগে পাঁচটি খাতে করোনার প্রভাব বাংলাদেশে পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ব্যবসা-বাণিজ্যসেবা খাতে, যা ৯ হাজার ৬৯০ কোটি টাকার সমপরিমাণ। এ ছাড়া কৃষি খাতে ৫ হাজার ৩৫৫, পর্যটন হোটেল রেস্তোরাঁ ও এ-সংক্রান্ত সেবা খাতে প্রায় ৪ হাজার ৩৩৫ কোটি টাকা, উৎপাদন ও নির্মাণ খাতে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা এবং পরিবহন খাতে ২ হাজার ৮০৫ কোটি টাকা সম্ভাব্য ক্ষতি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রভাব এখন বিদ্যমান। সব ধরনের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ছে। পোশাক খাতে ছাঁটাই শুরু হয়েছে। কর্মহীন হয়ে পড়ায় অনেক প্রবাসীকে দেশে ফিরতে হচ্ছে। যার কারণে প্রবাসী আয় ক্রমশ নিম্নমুখী।

টেকসই উন্নয়নবিষয়ক লেখক ফয়েজ আহমদ তৈয়্যব। ২০২০ সালে তার লেখা একটি গ্রন্থ প্রকাশিত হয়। ‘চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ’ শীর্ষক এ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, করোনার কারণে চীনে কাঁকড়া, কুঁচে ইত্যাদি রপ্তানি বন্ধ হয়েছে, যার ক্ষতি ৪০০ কোটি টাকার মতো। চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানিতে নতুন ধস এসেছে, ইটিপি সংকটে এ খাতে আগেই ধস ছিল, যদিও এ খাতের ফ্যাক্টরি তৈরির খরচ বেশি। সংকুচিত হয়েছে ওষুধশিল্প, পাট সুতা হোম টেক্সটাইল, ইলেকট্রনিকস, সামুদ্রিক মাছ, প্রসাধনীশিল্পও। পোলট্রিশিল্পে বিপর্যয় এসেছে, যশোরে হ্যাচারিতেই প্রতিদিন ২ লাখ বাচ্চা মরছে।

চরম বিপাকে সিরাজগঞ্জসহ দেশের দুগ্ধ খামারিরা, বিপাকে আছে সবজি ও মৎস্য খাত। সমস্যায় পড়েছে দোকান মালিক, পত্রিকা-ছাপাশিল্প, রডসিমেন্ট উৎপাদনকারী থেকে এভিয়েশন খাত। এ সব কিছুর ফলে বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে বিমা খাত। শপিং কমপ্লেক্স, বিপণিবিতান ও বিলাসপণ্যসহ জরুরি খাদ্য ও ওষুধ ছাড়া অভ্যন্তরীণ বাজারের ভোগ্যপণ্যের বিকিকিনি একেবারেই বন্ধ, এতে করে ভ্যাট আহরণ বিশাল ধাক্কা খেয়েছে। নির্মাণশিল্প সরকারে দেশজ উৎপাদনের একটা বড় খাত, করোনার প্রভাবে এ শিল্পও ক্ষতিগ্রস্ত। এতে করে মেগা প্রকল্পসহ উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘায়িত হবে এবং ব্যয় বাড়বে। রেকর্ড পরিমাণ উচ্চ খরচ, উচ্চমাত্রার দুর্নীতি এবং প্রকল্প বাস্তবায়নে অদক্ষতাজনিত সমস্যাগুলো দীর্ঘায়িত হয়ে আর্থিক সংকট প্রকটতর করবে।

অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, বিশ্বের একটি-দুটি দেশ বন্যা বা ভূমিকম্প কিংবা অন্য কোনো দুর্যোগে আক্রান্ত হলে বিশ্বের অন্যান্য সামর্থ্যবান দেশ আক্রান্ত দেশটির পাশে দাঁড়ায়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এটা হচ্ছে বৈশ্বিক সমস্যা। যুক্তরাষ্ট্রসহ উন্নত সব রাষ্ট্র আজ আক্রান্ত। উন্নত দেশগুলোর পক্ষে বিশেষ একটি দেশের পক্ষে মনোযোগ দেওয়া খুব কঠিনই। কারণ সবারই সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার মাধ্যমে গ্লোবাল ফান্ড সৃষ্টির জন্য বৈশ্বিক জনমত তৈরি করতে পারে। কোন দেশ এ ফান্ডে কত কী দিতে পারবে; চিকিৎসাসেবা, যন্ত্রপাতি, খাদ্য ইত্যাদির সংকট কোন দেশের কী মাত্রায় তা নির্ধারণ এবং সহায়তা প্রদানে সবার উদ্দেশে আহ্বান জানানো যেতে পারে। যে দেশের যেটার অভাব, এ ফান্ড থেকে তার ভিত্তিতে সহায়তা করা হবে। সার্কের গুরুত্বও বাড়ানো উচিত। মাঝে একবার সার্কের মাধ্যমে একটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলাদেশও এতে সমর্থন দিয়েছিল। কিন্তু এখনো তা দৃশ্যমান হয়নি।

দুর্ভিক্ষের আশঙ্কা থেকে আমাদের গুদামগুলোয় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কিনা সে ব্যাপারে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ। তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে বিশ্ব মন্দা আমাদের দরজায় কড়া নাড়ছে। এটা একটা বড় বিপদ। যারা বেঁচে যাবেন তারা সবাই চাইবেন সুন্দরভাবে বাঁচতে। প্রাণ রক্ষা করার অবস্থা আগামী কয়েক মাস নাও থাকতে পারে। কেউ কেউ বলছে, এখন যে অবস্থা চলছে, তা আগামী দুই-এক বছরও চলতে পারে। কারণ, এটা একটা সাইকেলের মতো। একটা অবস্থা থেকে পরবর্তী রাউন্ড পৌঁছানোর পর দেখা যায়, পরিস্থিতি আরও খারাপ হয়। কলকারখানাগুলো একবারে বন্ধ হয় না। যখন দেখা যায় আমি আর চালাতে পারব না, তখন বন্ধ হয়। তখন মানুষ বেকার হয়।

তৈরি পোশাক খাত প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখছি, জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এতে আতঙ্ক তৈরি হয়েছে। শ্রম খাত ও তৈরি পোশাক শিল্পÑ বাংলাদেশ এ দুটি খাত থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। অথচ এখন দুটি খাতই বড় বিপদে আছে। এর বাইরেও বৈদেশিক মুদ্রা অর্জনে বেশ কিছু খাতের দিকে গুরুত্ব দিতে হবে। যেমন ওষুধ, টাইলস ইত্যাদি। অর্থনৈতিক মন্দা দেখা দিলে এই খাতগুলোর বাইরে আরও বেশ কিছু খাতের দিকে গুরুত্ব দিতে হবে। তা হলে মানুষ কিছু কাজ পাবে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে দাঁড়িয়েছিল। যুদ্ধে তাদের অনেকেরই রাস্তাসহ অবকাঠামো ধ্বংস হয়ে গেয়েছিল। কিন্তু তাদের মেধা শেষ করতে পারেনি। তারা দক্ষ মানবসম্পদের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছিল।

এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের সামনে বড় ইস্যু জীবন বাঁচানো। জীবিকার পথ খোলা না থাকলে জীবন বাঁচানো মুশকিল। এখন সরকারকেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। জীবিকার বিষয়ে প্রথম কথা হলো, কলকারখানা চালু করতে হবে। কী জন্য চালু করা হবে? রপ্তানি কত হচ্ছে? যদি রপ্তানি না হয়, ক্রেতারা যদি না কেনেন, তা হলে কী হবে? অতএব, এদিকে জোর না দিয়ে সরকারের কৃষির দিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তিনি বলেন, বাংলাদেশের ৫০-৬০ শতাংশ মানুষ কৃষির ওপর জীবিকা নির্বাহ করে। সরকার যদি কৃষিতে জোর দেয় তা হলে এসব মানুষ কৃষিকাজ করতে পারবে। তাদের আয়-উপার্জন ঠিক থাকবে। সমস্যা হচ্ছে, বাকি ৫০ শতাংশ মানুষের কী হবে। কলকারখানা চালু রাখতে হলে প্রণোদনা দিতে হবে সরকারের তরফে। এ পর্যন্ত সরকারের বহু প্রণোদনার কথা শুনেছি, কম সুদে ঋণ দেওয়ার কথাও শুনেছি। কার্যত কেউ কোনো বেনিফিট পাচ্ছেন না। পেতে পারেন সরকারের আশ্রয়ে থাকা কিছু ব্যবসায়ী ও গার্মেন্টস মালিক।

এ অবস্থায় সংক্রমণ যদি দ্রুত না কমে, তা হলে জীবন বাঁচাতে শক্ত লকডাউনে যেতে হবে। জীবিকার জন্য খুব ভালোভাবে কৃষিকে প্রাধান্য দিতে হবে। এখন পর্যন্ত সরকার মুখে যাই বলুক-কৃষিকে প্রাধান্য দিয়েছে। এমন নজির খুব কম। কোনো মাছ, পোলট্রি অথবা সবজি চাষি প্রণোদনা পেয়েছেÑ এমন তথ্য আমার জানা নেই। তা হলে তো ৫০ শতাংশ মানুষ প্রণোদনা পেল না। ভারতে কৃষি পণ্যের দাম ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। অথচ সরকার আমাদের এখানে গতবারও ২৭ টাকায় ধান কিনেছে, এবারো তাই। অতএব, কৃষিতে প্রকৃত প্রণোদনা দিতে হবে যাতে কৃষক পায়। সরকার যে প্রণোদনার কথা বলছে তা যেন উৎপাদনমুখী শিল্পগুলো পায়। যাতে করে শ্রমিক ছাঁটাই না হয়। এটা করলে খাদ্য সংকট দেখা দেবে না এবং কর্মসংস্থান ঠিক থাকবে। বিদেশে আমাদের অনেক শ্রমিক রয়েছে। এরা যদি চলে আসে তাদের সাহায্য করতে হবে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দিন আনে দিন খায় মানুষদের সরাসরি সাহায্য দিতে হবে, এ ছাড়া উপায় নেই। যেখানে আমেরিকা সরকার তাদের ৪০ বিলিয়ন লোককে আর্থিক সাহায্য করছে, আমাদের সরকার কী করছে? তারা শুধু মুখে মুখে বলে বাস্তবে তো দেখছি না।