বিশ্ব জুড়ে করোনার প্রকোপে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭৯ লক্ষের কাছাকাছি। মারা গেছেন ৪ লক্ষের বেশি মানুষ। এতো গেল বিশ্বের হিসাব। বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের তিন মাস পেরিয়ে গেলেও কমছে না সংক্রমন। শনাক্তের হার এবং মৃত্যু-দুটোই বাড়ছে।
সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সংক্রমণ বাড়ার এই ধারা লম্বা সময় ধরে চলতে পারে, তবে তাদের মতে সংক্রমণ এখনো লাফিয়ে লাফিয়ে ব্যাপক সংখ্যায় বাড়ছে না। একই সাথে কবে থেকে তা কমতে শুরু করবে তা এখনো তারা বলতে পারছেন না।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম মাসে অর্থাৎ মার্চ মাসে রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। পরের মাসে শনাক্ত হয় প্রায় ১৩ হাজার রোগী। কিন্তু তৃতীয় মাসে এসে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এখন দেশে সংক্রমণের হার এবং মৃত্যু- দু’টোই বাড়ছে বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।
করোনাভাইরাস সম্পর্কিত সরকারের একটি কমিটির প্রধান অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেছেন, ঢিলেঢালা লকডাউন, ঈদকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের গ্রামে যাওয়া এবং শহরে ফিরে আসা, এসবের প্রভাবে সংক্রমণ এখন বেড়ে চলেছে বলে তিনি মনে করেন।
“মে মাসে দেখা যাচ্ছে, সংক্রমণের হার দ্রুত বেড়ে গেছে। এর কারণ হলো, জনগণের বিশাল একটা অংশ লকডাউন মানে নাই।
“আবার ঈদ আসলো, তখন লক্ষ লক্ষ মানুষ গ্রামে গেলো। গ্রামে কিন্তু পরিস্থিতি খারাপ ছিল না। মানুষ গ্রামে গিয়ে তা ছড়ালো। আবার এই লোকগুলো শহরে ফেরত এলেন। এর ফলে সংক্রমণ এবং মৃত্যুর হার কিন্তু বেড়ে গেছে। আমরা এখন পিক লেভেলে আছি বলে মনে হচ্ছে,” তিনি বলেন।
বাংলাদেশে সংক্রমণের হার যে উর্ধ্বমুখী, কবে তা কমতে শুরু করতে পারে- এ ব্যাপারে বিশ্লেষকরা এবং কর্তৃপক্ষ এখনই কোন ধারণা করতে পারছেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রথম সংক্রমণের দেশ চীনে তিন মাসের মধ্যেই সংক্রমণ কমতে শুরু করেছিল। দক্ষিণ কোরিয়াতেও নীচের দিকে নামতে শুরু করেছিল সংক্রমণের হার।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেছেন, “করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এখন পৃথিবীতে ভ্যাকসিন না আসা পর্যন্ত আসলে এটা কোন দিকে মোড় নেবে, তা বলা কঠিন।”
এদিকে সরকারের একাধিক নীতি নির্ধারক বলেছেন, তারাও মনে করেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে। তবে তারা দাবি করেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তারা পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।