যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে চারজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।
রনজিৎ কুমার রায়ের ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) তপন কুমার বিশ্বাস জানান, কয়েকদিন ধরে রনজিৎ কুমার জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে এমপিসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় এমপির করোনা পজিটিভ আসলেও অন্যদের রিপোর্ট নেগেটিভ আসে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়েছে। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।
রনজিৎ কুমারের আগে আরও তিনজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা হলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এবং নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকার।