ইয়াবা ক্রয়-বিক্রয়কালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন রাড়ির পুত্র ও এম এ রেজা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফাহাদ রাড়ি (২৫) সহ দুইজনকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামী তোতা মহলদার (৩০) শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচড়া গ্রামের আজিজ মহলদারের পুত্র।
এই সময় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে সুমন ওরফে পোটকা সুমন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে।
পালং মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পৌরসভার দক্ষিণ আটং এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী চক্র ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। তখন উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে পালং মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এসআই রূপুকর, আতাউর রহমান, আতিয়ার রহমান ও আনিছ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
তখন দক্ষিণ আটং এলাকার হানিফ বেপারীর বাড়ির সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর কাছে ৬ পিস করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই বিষয়ে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করবেন এসআই আনিছ উদ্দিন। আসামীদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাশেদুজ্জামান রাশেদ জানান, শুনেছি ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মাদকের সাথে জড়িত, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনিয়ম করার কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পালং মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচাললনা করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ফাহাদ রাড়ি ও তোতা মহলদার নামে দুইজনকে ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনস্থাল থেকে পালিয়ে যাওয়া সুমন ওরফে পোটকা সুমনকেও এজাহারভুক্ত আসামী করা হয়েছে।