ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে র‌্যাব-পুলিশের ৬৯ জন সদস্য করোনায় আক্রান্ত

ফরিদপুরে র‌্যাব এবং পুলিশের ৬৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানির ২০ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।

এছাড়া ফরিদপুরে এ পর্যন্ত পুলিশের মোট ৪৯ জন সদস্য করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এর মধ্যে এসআই পাঁচজন, সার্জেন্ট একজন, এএসআই ছয়জন, এটিএসআই একজন, নারী এসআই একজন এবং কনস্টেবল ৩৫ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে করোনা দুর্যোগে কাজ করছে পুলিশ। বেশিরভাগ সময়ই করোনায় মৃত ব্যক্তির দাফনে বা সৎকারে কোনো লোক পাওয়া না গেলে সেখানে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে দাফন ও সৎকারের ব্যবস্থা করছেন। এছাড়াও আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের নিয়মিত খোঁজ নিচ্ছে পুলিশ।

তিনি জানান, জেলায় মোট ৪৯ জন পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে ভাঙ্গা থানাতেই ৩৩ জন আক্রান্ত। ফরিদপুর পুলিশ লাইন্স থেকে ফোর্স পাঠিয়ে ওই থানার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আক্রান্ত বেশিরভাগ র‌্যাব-পুলিশ সদস্যরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা জেলার পুলিশ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।