ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়াল

সিলেটে করোনা সংক্রমণের হার দ্রুতই বেড়ে চলছে। ইতোমধ্যে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

বিভাগের চার জেলায় নতুন ১৩৯ জনসহ করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৬৫৮ জন।

শনিবার রাত ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান নিশ্চিত করেছে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সিলেট বিভাগ।

শনিবার বিভাগের হবিগঞ্জে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জন, সিলেটে ১৮, মৌলভীবাজারে ৩৪ ও সুনামগঞ্জে তিনজন। এদিন ঢাকার ল্যাব থেকে হবিগঞ্জের ৬৯ ও মৌলভীবাজারের ৩৪ জনের করোনা পজিটিভ আসে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট ও হবিগঞ্জের ৩২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেটের ১৭ জন ও হবিগঞ্জের ১৫ জন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের তিনজন ও সিলেটের একজনের করোনা শনাক্ত হয়।

বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিলেট জেলায়। এখন পর্যন্ত ১৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৭৮৮ জন, হবিগঞ্জে ৩৬০ জন, আর মৌলভীবাজারে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৭১ জন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সিলেট বিভাগ জানায়, সিলেট থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৮ জন। যাদের মধ্যে সিলেটের ২৩৯ জন, সুনামগঞ্জের ১৭৫, হবিগঞ্জের ১৫৮ জন ও মৌলভীবাজার জেলার ৮৬ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৯ জন। ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে তিনজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ও হবিগঞ্জের চারজন করে রয়েছেন।