ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিড-১৯: অনুমানের ভিত্তিতে ওষুধ মজুদ না করার আহ্বান কাদেরের

মহামারি ও উদ্বেগের এ সময়ে কোভিড-১৯ চিকিৎসার জন্য অনুমান করে ওষুধ মজুদ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার নিজ বাসা থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অনুমানের ওপর ভিত্তি করে ওষুধ সংরক্ষণ করা অপ্রয়োজনীয় এবং এটি বিপদ বয়ে আনতে পরে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই অক্সিজেন ব্যবহার করাও গুরুতর হতে পারে।’

স্বার্থপর হওয়ার পরিবর্তে সকলকে করোনাভাইরাস প্রতিরোধে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে সিলিন্ডার সংরক্ষণের ফলে মৃত্যু শয্যায় থাকা রোগীদের অক্সিজেন থেকে বঞ্চিত করা হচ্ছে।

করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পেতে হয়রানি ও বিলম্বের কথা উল্লেখ করে কাদের সংশ্লিষ্ট সকলকে এক্ষেত্রে সমন্বয় বাড়াতে এবং অল্প সময়ের মধ্যে ফলাফল প্রদানের আহ্বান জানান।

এদিকে দেশে নতুন করে আরও ৩৫৩১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ৫৭৯টি।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

বিশ্ব পরিস্থিতি

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৯৯৯ জনে।

এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৬৮ হাজার ২৮৫ জন।

জেএইচইউর তথ্য অনুসারে, রবিবার পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ১০ লাখ ৩২ হাজার ৯১৩ এবং ৫ লাখ ৭৬ হাজার ১৬২ কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৫৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৪৯ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, শুক্রবার চীনের মূল ভূখণ্ডে নতুন করে আনও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৩ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তবে দেশটিতে নতুন করে কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।