ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তরুণ শিল্পীদের অংশগ্রহণে অনলাইন ভিত্তিক মিনিয়েচার আর্ট প্রজেক্ট ‘ডুব’

বাংলাদেশের ৯ জন উদীয়মান তরুণ শিল্পী অংশগ্রহণ করেছেন ‘ডুব’ শীর্ষক অনলাইন ভিত্তিক মিনিয়েচার আর্ট প্রজেক্টে।

বৈশ্বিক মহামারির প্রকোপে বর্তমান পৃথিবীর মানুষের ডুব দিয়ে থাকা জীবনযাত্রা, তার প্রকৃতি এবং সেই প্রকৃতির জীব-বৈচিত্র্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শিল্পীমনের উপলব্ধিগুলোকে শিল্পকর্মে রূপান্তরের লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই আর্ট প্রজেক্টের।

এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বাংলাদেশের উদীয়মান তরুণ শিল্পী আজিজি ফাওমি খান। এটিই তার প্রথম প্রজেক্ট কিউরেশন।

প্রজেক্টে করা শিল্পকর্মগুলো নিয়ে জুন ২৫ থেকে ৩ জুলাই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ প্রদর্শনী চলবে।

এই আর্ট প্রজেক্টে শিল্পীরা নিজেদের উপলব্ধ ভাবনাগুলোকে স্ব স্ব দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। কিছু শিল্পী কাজ করেছেন সামাজিক ও পারিপার্শ্বিক অসঙ্গতিগুলো নিয়ে।

যেহেতু সবাই এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন, তাই স্বাভাবিক সময়ের গ্যালারি ভিত্তিক শিল্পচর্চার সুযোগ কম। এজন্য প্রজেক্টের জন্য মিনিয়েচারধর্মী কাজ বেছে নেয়া হয়েছে। যেন প্রতিটি শিল্পী নিজেদের অবস্থানের থেকেই স্থানস্বল্পতার মধ্যেই কাজ করতে পারেন।

এতে অংশগ্রহণকারী উদীয়মান তরুণ শিল্পীদের মধ্যে রয়েছেন- সারা হোসাইন, অন্তরা মেহরুখ আজাদ, অনন্যা মেহপার আজাদ, নুসরাত জাহান তিতলী, সারা জাবীন, আরঝিনা আহসান, শিপ্রা রানী বিশ্বাস, তানিয়া রহমান রশ্নি এবং শৈলী শ্রাবন্তী।