ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ পুরনো হবে না কখনো

বহু ঘাত-প্রতিঘাত, লড়াই-সংগ্রামের ভেতর দিয়ে আসা আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। মানুষের আস্থা, বিশ্বাস-ভালোবাসা অর্জন করেই ৭১ বছর পূর্ণ করেছে দলটি। আজকের আওয়ামী লীগ গৌরব, ইতিহাস ও সাফল্যে ভরপুর। আওয়ামী লীগ কখনো পুরনো হবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরো যুগোপযোগী, আধুনিক ও আদর্শের সঙ্গে খাপ খাইয়ে এ দলের নবযাত্রা অব্যাহত থাকবে।

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোরের কাগজকে দলটির ভবিষ্যৎ অগ্রযাত্রার কথা এভাবেই তুলে ধরেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। এ দল কখনোই ধ্বংস হবে না। তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের অস্তিত্ব যখন হুমকির মুখে তখন ১৯৮১ সালের ১৭ মে এ দলের সভাপতির দায়িত্ব নিয়ে সামরিক শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা। তিনি ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে একেবারেই তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলেছেন, শক্তিশালী করেছেন।

নাছিম বলেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ অসাম্প্রদায়িক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী। বিশ্বে রোল মডেল। আমরা এখন স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে উন্নত, আধুনিক, ধর্মান্ধমুক্ত, জঙ্গিবাদমুক্ত ও প্রগতিশীল। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে একমাত্র আওয়ামী লীগ। এজন্য আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরো এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সবসময় শোষণ-শাসন ও দুঃশাসনের বিরুদ্ধে। দুর্দিনে আওয়ামী লীগে যারা ছিল, ভবিষ্যতে আওয়ামী লীগ তাদের সঙ্গেই থাকবে। কোনো হাইব্রিড, দুর্নীতিবাজ, লুটতরাজ, সন্ত্রাসীর জায়গা এ দলে হবে না। আগামীর আওয়ামী লীগ হবে হাইব্রিড মুক্ত। আওয়ামী লীগের ঐতিহ্য কখনোই নষ্ট হয়নি। ভবিষ্যতেও হবে না।