ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল নয়: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক পরিচয় কোনও অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। ইতোমধ্যেই শেখ হাসিনা তা প্রমাণ করেছেন।’

রবিবার (৯ আগস্ট) গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বুঝে বলেই যে কোনও বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করে। যে কোনও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরইমধ্যে প্রমাণিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নানাভাবে কথা বলেন। ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ কিন্তু বলে দেয়নি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার নিজে থেকেই এসকল অনিয়ম উদঘাটন করেছে। কোন ধরনের ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি।’

যারা সরকারের সমালোচনা করছেন তাদের (বিএনপির প্রতি ইঙ্গিত করে) বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই তাদের সফলতা।’

বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গণতান্ত্রিক স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি। অপরাধী যে দলেরই হোক, বিচারের আওতায় আনা হয়েছে।’