ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেগমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৩৬৯১) ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪- ৯৮৪৮) অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক জুনেদ আহমদ (৩০) নিহত হন। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিকশার যাত্রী ওসমানীনগরের ব্রাহ্মণ গ্রামের ফজলু মিয়া (৪৫), তার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও শ্যালিকার মেয়ে কারিমা বেগম (৩) এবং অটোরিকশা চালকের সহযোগী জাহাঙ্গীর আলমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে মামুন পরিবহনের বাসের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।