ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উগ্রবাদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো। লাখো শহীদের অমর বীরত্বগাঁথা দেশে কোনো উগ্রবাদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।
বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এর আগেও বিএনপি ধর্মকে ব্যবহার করেছে, এখন আবার শুরু করেছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো। সুতরাং এখন যাদের পৃষ্ঠপোষকতা করছেন একদিন তাদের আঘাতে আপনাদের জর্জরিত হতে হবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিএনপিও চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কারণেই তাদের কোনো আগ্রহ নেই। কারণ তাদের যোগসাজশে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।

তিনি আরো বলেন, বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না। এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, তখনো বিএনপি নেতারা প্রকাশ্যে কথা বলতে চান না। বিএনপি তাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে। তা না হলে, কেন প্রকাশ্যে উগ্রবাদীদের বিপক্ষে কথা বলে না? ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে।

বিএনপি প্রকাশ্যে কিংবা গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই সমর্থন দিচ্ছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভেতরে ভেতরে ভাস্কর্যের বিরুদ্ধে উস্কে দিচ্ছে এবং ভাস্কর্য ভাঙচুরের পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং বিএনপি মহাসচিব কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন?

ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি, অপরদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে ’৭১ এর অসাম্প্রদায়িক চেতনা, অপরটি ’৪৭ এর সাম্প্রদায়িক চেতনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরির নিরলস প্রয়াস চলিয়ে যাচ্ছেন, তখন বিএনপি চিরাচরিত পাকিস্তানি ভাবধারায় দেশকে পিছিয়ে দেয়ার এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে রাজনৈতিক বলয় দেশে রয়েছে, তার প্রকাশ্য-অপ্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারো হুঁশিয়ার করে বলেন, লাখো শহীদের অমর বীরত্বগাঁথায় নির্মিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।