ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকের পছন্দ হয় না’

দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এদেশ সমৃদ্ধ হলে, অর্থনীতির ভীত মজবুত হবে কিন্তু তাতে অনেকর গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে। আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা বিএনপির অপকৌশলের অংশ। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার তাদের সকল অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে। ভোটারদের ওপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে তারা আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে, বিএনপি নেতারা তা দেখতে না পেলেও জনগণ ঠিকই দেখতে পাচ্ছে।

গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে বিএনপির প্রতি আহ্বানও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয়সংকটে, একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতারা।