ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান বিরোধী আস্ফালন সহ্য করা হবে না: হানিফ

স্বাধীনতা কারো দয়ার দান নয়, সংবিধান বিরোধী আস্ফালন কিছুতেই সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় হানিফ বলেন, স্বাধীনতা, বঙ্গবন্ধু বাংলাদেশ ও সংবিধান বিষয়ে কোনো প্রকার কটূক্তি, আস্ফালন, ধৃষ্টতা সহ্য করা হবে না। ভাস্কর্যবিরোধীরা ধর্মের অপব্যাখা দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মের নামে রাজনীতি করে নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে কটুক্তি করে, তারা ধর্মের অপব্যাখাকারী, তাদের কোন নীতি নাই, দেশের প্রতি ভালবাসা নাই, তারা দুর্নীতির মাধ্যমে সম্পদশালী হতে চায়। এদের প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, তানভির শাকিল জয় এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা প্রমুখ।