ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপনে আওয়ামী লীগের কর্মসূচি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির দিন হিসেবে বুধবার দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের এ প্রাচীন রাজনৈতিক সংগঠনটি।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ১১টা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি ও ড. হাছান মাহমুদ। এ কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে উদযাপনের জন্য দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের সর্বস্তরের জনগণকে গণতন্ত্রের বিজয়ের এই ঐতিহাসিক দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষের দলকে গণরায় প্রদান করে। এই রায়ের মধ্যে দিয়ে যুদ্ধাপরাধী, ১৫ আগস্ট, জেলহত্যা ও ২১ আগস্টের খুনি এবং সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখ্যান করে দেশের জনগণ।