ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স-মাস্টার্স পরীক্ষা সশরীরে নিতে পারবে সব বিশ্ববিদ্যালয়

এখন থেকে অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে সশরীরে পরীক্ষা নিতে পারবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি জানায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং নিজ নিজ একাডেমিক কাউন্সিলের ভিত্তিতে সশরীরে পরীক্ষা নেয়া যাবে। তবে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে। বৃহস্পতিবার ইউজিসি’র এক ভার্চুয়াল বৈঠকে এ অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নেয়া গত বছর ২২ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম গ্রহণ করতে পারবে। চিঠির সঙ্গে অনলাইনে পরীক্ষা নেয়া সংক্রান্ত স্বল্প ও দীর্ঘমেয়াদি রূপরেখা পাঠানো হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, দেশে বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা-কার্যক্রম চালু রাখার স্বার্থে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) ও অনলাইন পদ্ধতিতে নেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে শুধুমাত্র অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি রয়েছে। ৬ মে এ সিদ্ধান্ত দিয়েছিল ইউজিসি। তবে এর আগে ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার পর সেটি বাতিল করা হয়।